'এমপি হতে চাইলে-দিন ১২ কোটি টাকা ': ফাতেমা বাদশার বিস্ফোরক অভিযোগে তোলপাড়।
নিজস্ব প্রতিবেদক | ডিএমকে নিউজ চট্টগ্রাম।
১২/০৪/২৬ রোজ রবিবার।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক, ফাতেমা বাদশার এক বিস্ফোরক অভিযোগে চট্টগ্রামের রাজনীতি তে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিশ্চিত করতে তাঁর কাছে ১২ কোটি টাকা দাবি করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। সম্প্রতি ঢাকা ভিত্তিক একটি ইংরেজি দৈনিক কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন।
যেভাবে আসে প্রস্তাব টি :
চট্টগ্রাম নগরের ডবল মুরিং থানা বিএনপি'র সাবেক-সাধারণ সম্পাদক প্রয়াত বাদশা মিয়ার স্ত্রী ফাতেমা বাদশা জানান, ঢাকা থেকে একটি বিশেষ দল মাইক্রোবাসে করে চট্টগ্রামে এসে সরাসরি তাঁর সঙ্গে দেখা করে। বৈঠকে তাঁকে স্পষ্টভাবে বলা হয়, ১২ কোটি টাকা দিলে সংরক্ষিত নারী আসনে তাঁর মনোনয়ন এবং সংসদ সদস্য হওয়া নিশ্চিত করা হবে।
'টাকা নেই, তবে কাগজে সই করুন'
ফাতেমা বাদশা দাবি করেন, বিপুল অংকের এই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে দ্বিতীয় একটি প্রস্তাব দেওয়া হয়।
তাঁকে এমপি করা হবে, তবে আগে ভাগে কিছু বিশেষ নথিতে স্বাক্ষর করতে হবে।
তাঁর নামে বরাদ্দ হওয়া সরকারি উন্নয়ন প্রকল্পের নিয়ন্ত্রণ থাকবে ওই চক্রের হাতে।
এমপি হিসেবে তিনি কেবল নামমাত্র 'পুতুল' হয়ে থাকবেন, আর প্রকল্পের টাকা তুলে নেবে ওই প্রভাবশালী গোষ্ঠী।
উভয় প্রস্তাবই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন উল্লেখ করে ফাতেমা বাদশা বলেন, "তাহলে আমি পুতুল ছাড়া কিছুই থাকতাম না। রাজনীতিতে আসার উদ্দেশ্য এটা নয়।"
ত্যাগের মূল্যায়ন ও অদৃশ্য শক্তি
প্রায় চার দশক ধরে রাজনীতিতে সক্রিয় এই নেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘকাল নিজের অর্থ ব্যয় করে দলকে শক্তিশালী করেছেন। কিন্তু আজ যোগ্যতা ও নিষ্ঠার বদলে 'অদৃশ্য শক্তি'র প্রভাবে ত্যাগের কোনো স্বীকৃতি নেই। এমনকি চট্টগ্রামের রাজনীতিতে বাইরের জেলার নেতাদের প্রভাব বৃদ্ধি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
দলীয় নেতাদের প্রতিক্রিয়া
ফাতেমা বাদশার এই অভিযোগে চট্টগ্রামের রাজনীতিতে অস্বস্তি ছড়িয়ে পড়লেও জ্যেষ্ঠ নেতারা বিষয়টি নিয়ে দূরত্ব বজায় রাখছেন:
এরশাদ উল্লাহ (আহ্বায়ক, মহানগর বিএনপি): বর্তমানে ওমরাহ পালনে সৌদি আরবে থাকায় এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
নাজিমুর রহমান (সদস্য- সচিব, মহানগর বিএনপি): তিনি জানান, এ ধরনের কোনো তথ্য তাঁর কাছে নেই। তবে দায়িত্বশীল পদে থেকে এভাবে প্রকাশ্যে অভিযোগ তোলা কতটা ঠিক, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মাহবুবের রহমান শামীম (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক): বিষয়টি তাঁর দায়িত্বের আওতায় পড়ে না বলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সংরক্ষিত আসন ও বর্তমান প্রেক্ষাপট
তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির সম্ভাব্য ৩৬টি আসনের বিপরীতে চট্টগ্রাম থেকে অন্তত ২-৩ জন মনোনয়ন পেতে পারেন। এই দৌড়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, ডা. কামরুন্নাহার দস্তগীর সহ ডজনখানেক হেভিওয়েট নেত্রী সক্রিয় রয়েছেন। এমন সময়ে ফাতেমা বাদশার এই অভিযোগ দলের ভেতরে-বাইরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ডিএমকে নিউজ (DMK NEWS)
সাহসী ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর।