মানিকগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট মোঃ জামিলুর রশীদ খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার নেতৃবৃন্দ।
আজ সকালে জেলা পরিষদ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রেজাউল করিমের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ নতুন প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, নবনিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট মোঃ জামিলুর রশীদ খান মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক এবং মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শেখ রেজাউল করিম বলেন, "এ্যাডভোকেট জামিলুর রশীদ খানের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিত্বকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তাঁর নেতৃত্বে এই জেলা পরিষদ গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত হবে এবং জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা বিশ্বাস করি।"
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের অন্যান্য পদস্থ নেতৃবৃন্দ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে নতুন প্রশাসক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

